লক্ষ্মীপুরে নারী খুন, পুত্রবধূসহ আটক ২
লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোধধর্মপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে জাফেরা বেগম (৫৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর পুত্রবধূসহ দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জাফেরা বেগমের ছেলে আবুল বাসার দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। এ সুযোগে আবুল বাসারের স্ত্রী শারমিন আক্তার এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মুখোশ পরা কয়েকজন যুবক জাফেরা বেগমের দোতলা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় জাফেরা বেগম তাদের দেখে চিৎকার করেন। পরে ওই যুবকেরা জাফেরা বেগমকে পিটিয়ে ও গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার ভোরে ওই নারীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জাফেরা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার এসআই দীপক কুমার সিংহ বলেন, পুত্রবধূর পরকীয়া প্রেমের কারণে শাশুড়িকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূ শারমিন আক্তার ও তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক গ্রামের জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।