লক্ষ্মীপুরে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রাম থেকে ছাত্রলীগের নেতা এমরান হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এমরান হোসেনের বাড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। তিনি নোয়াখালী সরকারি কলেজের বিবিএর ছাত্র ছিলেন।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরী জানান, নিহত এমরান তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আফছার উদ্দিন জানান, ২৩ ডিসেম্বর এমরান হোসেন কলেজের উদ্দেশ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল দুপুরে চরমনসা গ্রামের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।