লক্ষ্মীপুরে নিখোঁজ নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগর গ্রামের ঈদগাঁও এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর গতকাল শুক্রবার নির্মাণশ্রমিক আবুল কালামের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবুল কালামের বাড়ি সদর উপজেলার চররুহিতা গ্রামে।
আবুল কালামের স্বজন ও পুলিশ সূত্র জানায়, ছয় মাস ধরে লক্ষ্মীপুর শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে একটি ভবনের নির্মাণের কাজ করে আসছিলেন আবুল কালাম। গত মঙ্গলবার দুপুরে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আবুল কালামের ছেলে সোহেল লক্ষ্মীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে রহমতখালী খালে আবুল কালামের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।