লক্ষ্মীপুরে পিটিয়ে, বরিশালে পুকুরে ফেলে শিশুহত্যা!
লক্ষ্মীপুরে এক দোকানমালিকের পিটুনির শিকার হয়ে শিশুশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হওয়ার আট দিন পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রমজান আলী নামের ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে, বরিশালের উজিরপুর উপজেলার হস্তীশুণ্ড গ্রামের একটি পুকুর থেকে গতকাল বুধবার ভোরে মরিয়ম আকতার নামের আট মাসের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মরিয়মকে পুকুরে ফেলে হত্যা করে।
লক্ষ্মীপুর: শিশু রমজান (১২) পৌরসভার বাঞ্চানগর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার মা শুক্কুরী বেগম ও বাবা তাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, রমজান লক্ষ্মীপুর শহরে মাঝেমধ্যে কাজ করত। ১০ আগস্ট সকালে রমজানকে বাড়ি থেকে কাজ করার জন্য ডেকে নেন সৌদিয়া ট্রেডার্সের মালিক আলী হোসেন। গাড়ি থেকে মাথায় করে দুধের ভারী কার্টন নামানোর কাজ দেওয়া হয় তাকে। একপর্যায়ে ভার সইতে না পেরে একটি কার্টন মাথা থেকে ফেলে দেয় রমজান। এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেন রমজানকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। রমজানকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
রমজানের ভাই সুজন জানায়, রমজানকে রড দিয়ে পিটিয়ে আহত করার পর তার চিকিৎসার জন্য আলী হোসেন তিন হাজার টাকা দেন। আলী হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, আবেদনের প্রেক্ষাপটে ময়নাতদন্ত ছাড়াই রমজানের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী: পুলিশ ও পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, হস্তীশুণ্ড গ্রামের বাসিন্দা গৃহবধূ ফাতেমা বেগম গত মঙ্গলবার রাত ১০টার দিকে খাওয়া-দাওয়ার পর শিশুকন্যা মরিয়মকে নিয়ে ঘরের পেছনের বারান্দায় ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে ঘুম ভেঙে ফাতেমা মেয়েকে তাঁর পাশে দেখতে না পেয়ে চিৎকার দেন। পরিবার ও আশপাশের লোকজন শিশুটির খোঁজ করেও তাকে পায়নি। একপর্যায়ে উজিরপুর মডেল থানায় বিষয়টি জানানো হয়। রাত তিনটার দিকে পুলিশ ওই বাড়ি যায়। খোঁজাখুঁজির পর গতকাল ভোরে বসতঘরের পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিশু মরিয়মের মা ফাতেমা বেগম ও দাদা মো. নজরুল ইসলাম ব্যাপারী অভিযোগ করে বলেন, শিশুটির বাবা ইমরান ব্যাপারী ঢাকায় থাকেন। তাঁর সঙ্গে প্রতিবেশী সেলিম ব্যাপারীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সেলিম ও তাঁর লোকজন মরিয়মকে পুকুরে ফেলে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
গতকাল বেলা আড়াইটার দিকে গিয়ে সেলিমের বসতঘরটি তালাবদ্ধ পাওয়া যায়। বিকেল চারটার দিকে মুঠোফোনে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, মামলার প্রক্রিয়া চলছে।
দিনাজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানিয়েছেন, নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর গতকাল দুপুরে শালবনের ভেতর থেকে সোহাগী খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগীর বাড়ি উপজেলার খটখটিয়া কৃষ্টপুর গ্রামে। সে গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে।
সোহাগীর মা ফাতেমা বেগম বলেন, গত শনিবার সকালে সে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। গতকাল দুপুরে গ্রামের পাশের শালবনে সোহাগীর লাশ পাওয়ার খবর জানতে পারেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজির হোসেন জানান, শালবনের একটি গাছের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় সোহাগীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পচন ধরায় ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।