লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর ও দেওপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে জিসান বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।
এ ঘটনার জের ধরে রাতে জিসান বাহিনীর সদস্যরা সড়ক অবরোধ করে। এ সময় তারা ১৪টি গাড়ি ভাঙচুর করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর ও চন্দ্রগঞ্জ থানার পুলিশ যৌথভাবে চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে সোলায়মান উদ্দিন ওরফে জিসান এবং তাঁর বাহিনীর সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ব্যাপক ককটেলের বিস্ফোরণ ঘটায় ও গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলির ঘটনায় জিসান বাহিনীর সদস্য সাহাবউদ্দিন ও রুবেল গুলিবিদ্ধ হন। পরে দেওপাড়া গ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের আবারও সংঘর্ষ বাধে। সেখানে পুলিশের লাঠিপেটায় জিসান বাহিনীর সদস্য জসিম উদ্দিন, মো. স্বপন ও মনির হোসেন আহত হন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীরা রাত সাড়ে ১০টা থেকে ঘণ্টা খানেক লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এ সময় তারা দুটি বাস, দুটি ট্রাক ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।
পুলিশ জানায়, এ ঘটনার পর পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে ৬৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে।
চন্দ্রগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সন্ত্রাসীদের ভয়ে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। তাদের ভয়ে এলাকার মানুষের দিন কাটছে আতঙ্কে।
দেওপাড়া গ্রামের এক বাসিন্দা বলেন, চাঁদা না দেওয়ায় জিসান বাহিনীর সন্ত্রাসীরা এপ্রিল মাসে তাঁর বসতঘর পুড়িয়ে দেয়।