লক্ষ্মীপুরে পুলিশ সন্ত্রাসী 'গোলাগুলি' গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ও বিনোদপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘গোলাগুলি’ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খোরশেদ আলমকে ধরতে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেলসহ রফিকুল ইসলাম, আমান উল্যা ও মাহফুজুর রহমান নামের তিন ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে তাঁদের উদ্ধারে পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিনোদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা অপহৃত ব্যক্তিদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই এলাকা থেকে জিসান বাহিনীর সহযোগী সোলায়মান উদ্দিন ওরফে আবদুল আজিজকে গ্রেপ্তার করে। এ সময় জিসানের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়।
অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান প্রথম আলোকে বলেন, দত্তপাড়া ও বিনোদপুর এলাকার সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ওই দুই ঘটনায় পুলিশ প্রায় ৩০টি গুলি ছুড়েছে।