লক্ষ্মীপুরে পুলিশ সন্ত্রাসী 'গোলাগুলি' যুবক গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে সন্ত্রাসী জিসান বাহিনীর সঙ্গে পুলিশের ‘গোলাগুলিতে’ মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির অভিযোগ, পুলিশ তাঁকে ধরে নিয়ে গুলি করেছে।
চন্দ্রগঞ্জ থানার এএসআই জিয়াউল করিম বলেন, পুলিশের তালিকাভুক্ত চন্দ্রগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসী সোলাইমান উদ্দিন ওরফে জিসানকে ধরতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ লতিফপুর গ্রামে অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী মহিউদ্দিন গুলিবিদ্ধ হন। তিনি জানান, মহিউদ্দিনকে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে মহিউদ্দিন বলেন, তাঁর ভাই জালাল উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি। শনিবার দিবাগত রাতে পুলিশ তাঁকে ধরতে আসে। কিন্তু ভাইকে না পেয়ে তাঁকে (মহিউদ্দিন) ঘুম থেকে তুলে বাঁ পায়ে গুলি করে সদর হাসপাতালে নিয়ে এসেছে।