লক্ষ্মীপুরে পুলিশের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলা আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইনে না দাঁড়িয়ে এবং টাকা দিয়ে কুপন না কেটেই খাবার সংগ্রহের চেষ্টা করছিলেন তাঁরা। বাধা দেওয়ায় উল্টো পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবল আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রিমন হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
হামলায় আহত সদর থানার এসআই আবু সাঈদ, কনস্টেবল আল আমিন, আবদুল মোতালেব ও মো. হাছানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সাইফিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল চলাকালে আগত ভক্তরা ১০ টাকায় কুপন কিনে খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। এ সময় চর রমণীমোহন ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিলন হোসেন, ছাত্রলীগের কর্মী রিমন হোসেনসহ ১০-১২ নেতা-কর্মী কুপন ছাড়াই লাইনে না গিয়ে খাবার সংগ্রহের চেষ্টা চালান। পুলিশ তাঁদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা হামলা চালান।
শরীফ মোল্লার দলীয় পদবির বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমদ পাটোয়ারী গতকাল রাতে বলেন, পুলিশের ওপর হামলার কোনো ঘটনা তাঁর জানা নেই।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় চারজন পুলিশ আহত হয়েছেন। হামলার ঘটনায় মামলা করা হবে।