লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় গত বুধবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কফিল বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে ডিবির ছয় কনস্টেবলসহ কফিল বাহিনীর প্রধান কফিল উদ্দিন ও তাঁর সহযোগী সুজন আহত হয়েছেন। পুলিশ কফিল উদ্দিন ও সুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া কফিল উদ্দিন ও সুজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশের ভাষ্যমতে, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কফিল উদ্দিন তাঁর বাহিনীর সদস্যদের নিয়ে গত বুধবার রাতে সদর উপজেলার পূর্ব মান্দারীর একটি ইটভাটায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি হয়। পরে আহত অবস্থায় কফিল উদ্দিন ও তাঁর সহযোগী সুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ২০টি গুলি করেছে। এ সময় সন্ত্রাসীদের ছররা গুলিতে ও ইটের আঘাতে পুলিশের ছয় কনস্টেবল আহত হন। আহত দুই সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তবে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ কবির আহম্মদ বলেন, পুলিশ বা সন্ত্রাসীদের কেউই গুলিতে আহত হননি। তাঁরা সবাই ইটের আঘাতে বা ধস্তাধস্তিতে আহত হয়েছেন।
গ্রেপ্তারকৃত কফিল উদ্দিন সদর উপজেলার পূব মান্দারী গ্রামের সিরাজ মিয়া এবং সুজন একই এলাকার নুর নবীর ছেলে।