লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কাশিপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মো. ইউসুফ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের চার সদস্য। পুলিশের দাবি, নিহত ইউসুফ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ সদর উপজেলার বশিকপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাত তিনটার দিকে কাশিপুর গ্রামে ইউসুফ তাঁর সহযোগীদের নিয়ে অবস্থান করছিলেন—এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বেশ কয়েকটি গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ ঘটনাস্থলেই মারা যান। আহত হন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, এসআই রাজীব কর, কনস্টেবল প্লাবন ও মোজাম্মেল হক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ইউসুফ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনায় নয়টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।