লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর নাম মো. ইউসুফ (৩৫)। পরিবার বলেছে, সোমবার রাতে ইউসুফকে পুলিশ ঢাকা থেকে আটক করে লক্ষ্মীপুরে নিয়ে আসে।
চন্দ্রগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে পূর্ব বশিকপুর গ্রামের মোল্লাবাড়ির সামনে ইউসুফ তাঁর সহযোগীদের নিয়ে অবস্থান করছেন—এ খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তাঁকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১২টি গুলি করে। পুলিশ বলেছে, একপর্যায়ে ইউসুফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইউসুফের বুকে ও পেটে গুলি লেগেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, এ ঘটনায় এসআই মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেছেন।