লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, তাঁকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।
নিহত আলমগীর হোসেন (৩০) ‘ডাকাত’ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি দক্ষিণ রায়পুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, তিনটি গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত আড়াইটার দিকে দক্ষিণ রায়পুর গ্রামে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতেরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাগুলির সময় চার পুলিশ সদস্যও আহত হন।
আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে রায়পুর থানার উপপরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে নিহত আলমগীর হোসেনকে প্রধান করে আটজনকে আসামি করা হয়।
তবে নিহত আলমগীরের বাবা লেদা মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে ডাকাত দলের সঙ্গে জড়িত ছিল না। পুলিশ তাকে সোমবার রাত ১০টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মেরে ফেলা হয়।’
এ অভিযোগ অস্বীকার করে রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহত আলমগীর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। এলাকার ডাকাতদের তালিকায় তাঁর নাম আছে। তাঁর বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।