লক্ষ্মীপুরে পেট্রলবোমায় দগ্ধ পিকআপচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে পেট্রলবোমা হামলায় দগ্ধ পিকআপ ভ্যানের চালক কামাল হোসেন (২৮) আজ মঙ্গলবার ভোররাতে মারা গেছেন।
গতকাল সোমবার রাতে লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে পিকআপ ভ্যানটিতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কামালসহ তিনজন দগ্ধ হন। দগ্ধ অন্য দুজন হলেন মিলন ও জুয়েল। তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত কামালের বাড়ি সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামে।
লক্ষ্মীপুর থানার পুলিশ জানায়, রাত আটটার দিকে চৌমুহনী থেকে চাল বোঝাই করে পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় এলে পিকআপ ভ্যানটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন দগ্ধ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কামালের অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে ঢাকায় পাঠানো হয়। ভোররাতে মারা যান তিনি।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান মো. সাফিউর রহমান বলেন, পেট্রলবোমা হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।