লক্ষ্মীপুরে পেট্রলবোমায় দগ্ধ লিটনের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলায় পেট্রলবোমা হামলায় দগ্ধ লিটন হোসেন (২৭) মারা গেছেন। ঢাকা নেওয়ার পথে আজ সোমবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
লিটনের বাড়ি নাটোরে। লক্ষ্মীপুর সদর উপজেলায় তাঁর শ্বশুরবাড়ি।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যার পর লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি মহিলা কলেজ এলাকায় মজু চৌধুরীর হাট সড়কে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ওই অটোরিকশায় থাকা লিটন, আশেক, সুমন, করিমসহ চারজন দগ্ধ হন।
দগ্ধ চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ ও স্থানীয় লোকজন। অবস্থার অবনতি হলে রাতে লিটনকে ঢাকায় পাঠানো হয়। পথে আজ ভোররাতে মারা যান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লিটনের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পেট্রলবোমা হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।