লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার কাঠালী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন (৪৫) উপজেলার দিঘলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান। নূর হোসেনের বাড়ি ওই ইউনিয়নের রমাপুর গ্রামে।
নিহত নূর হোসেনের ভাই মো. মুরাদ হোসেন বলেন, কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামে তাঁর ভাইয়ের শ্বশুর নুরুল আমিনের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে বিরোধ রয়েছে।
গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। খবর শুনে তাঁর ভাই সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাঁর ভাইয়ের ওপর আচমকা হামলা চালায়। স্থানীয় লোকজন নূর হোসেনকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, কাঠালী গ্রামে গতকাল সকালে মারামারির ঘটনা ঘটেছে। আহত নূর হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তবে এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি।