লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-১
লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যার পর ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ উঠেছে। সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে পুলিশ গৃহবধূর ভাশুরকে গ্রেপ্তার করেছে।
নিহত গৃহবধূর চাচা আবু তাহের জানান, বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাশুর জবিউল্যাসহ কয়েকজন পারভীনকে মারধর করে। ওই দিন রাতে তাকে পিটিয়ে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা বলে প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন।
আবু তাহের জানান, পাঁচ বছর আগে আবুল বাসারের সঙ্গে পারভীনের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী সন্তান রয়েছে। দুই বছর আগে সৌদি আরবে যান বাসার। পরভীনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে। তাঁর দাবি, স্বামী বিদেশে যাওয়ার পর থেকে পারভীনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন।
চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে পারভীনের বাবা হাসমত আলী চন্দ্রগঞ্জ থানায় ভাশুর জবিউল্যাহসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে জবিউল্যাকে গ্রেপ্তার করা হয়।