লক্ষ্মীপুরে বখাটের ছুরিকাঘাতে দুই ছাত্র আহত
লক্ষ্মীপুরে এক বখাটের ছুরিকাঘাতে দুই ছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার মাছিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা ছাত্ররা হচ্ছে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইমন হোসেন ও রাসেল গাজী। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাসেলের বাড়ি সদর উপজেলার চরলামচী গ্রামে। ইমনের বাড়ি উপজেলার বাঞ্চানগর এলাকায়।
আহত রাসেল গাজী অভিযোগ করে, গতকাল দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বখাটে মোস্তাফিজ মুঠোফোনে ইমনের ছবি তোলে। কেন ছবি তুলেছে তা জানতে চাইলে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে মোস্তাফিজ। ইমনের চিৎকার শুনে ক্যাম্পাস থেকে ছুটে আসে সে। এ সময় তার হাতেও ছুরিকাঘাত করে মোস্তাফিজ। পরে অন্য সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় তাকে ও ইমন হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, আহত দুজনের মধ্যে ইমনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে।
প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা বলছে, মোস্তাফিজের বাড়ি মাছিমনগর গ্রামে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, দুই ছাত্রকে ছুরিকাঘাত করা বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।