লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের দুটি মামলা
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। ওই ঘটনায় বাহিনীর প্রধান জসিম উদ্দিন নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক সামছুল আরেফিন চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন। এতে সন্ত্রাসী বেলজিয়াম সুমন, দেলোয়ার হোসেন, ইছমাইল হোসেন, রাব্বি ও দিদার হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও নয়জনকে আসামি করা হয়েছে।
বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন ও দেলোয়ার হোসেনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার রাতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও প্রায় ৩০ মামলার আসামি বাহিনী-প্রধান জসিম বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।