লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা
বাড়ি থেকে ডেকে নিয়ে লক্ষ্মীপুরে যুবলীগের একজন নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে তাঁর লাশ একটি করাতকল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন তিনি। রাতে বাড়ি ফেরার পর মুঠোফোনে তাঁকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে হত্যা করে।
খুনিদের গ্রেপ্তারে বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন পাটওয়ারী জানান, নিহত আরিফুর রহমান (২৮) উপজেলার ফরাদ বাংগাখাঁ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি মিরিকপুর গ্রামে।
আরিফুর রহমানের বাবা নুরুল আমিন জানান, মঙ্গলবার রাতে আরিফুরকে মুঠোফোনে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ভোরে মিরিকপুর বাজারের বাবুল মিয়ার করাতকলে আরিফুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে করাতকলের মালিক বাবুল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, আরিফুর হত্যাকাণ্ডে কারা জড়িত, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে গতকাল জেলা নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত ও বিএনপিকে দায়ী করেছেন। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুন্নবী প্রমুখ।
তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াতের কেউ জড়িত নয়।