লক্ষ্মীপুরে বাস চাপায় ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে বাস ডাকাতির চেষ্টাকালে গাড়ির চাপায় এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। নিহত খোরশেদ আলমের (৪৫) বাড়ি সদর উপজেলার টুমচর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রামগতির উদ্দেশে ছেড়ে আসা একটি বাস গতকাল ভোরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্তা এলাকায় পৌঁছালে আট-দশজন ডাকাত গাছের সঙ্গে রশি বেঁধে গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় গাড়ির চালক দ্রুতগতিতে বাসটি চালিয়ে গেলে চাকায় পিষ্ট হয়ে খোরশেদ ঘটনাস্থলে নিহত হন। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শৈকত শাহীন বলেন, বাস ডাকাতির চেষ্টাকালে গাড়ির চাপায় ডাকাত খোরশেদ নিহত হয়েছেন।