লক্ষ্মীপুরে বিএনপি কর্মী সোহেলকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিএনপির কর্মী সোহেল রানাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত সোহেল হত্যা মামলার আসামি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মধ্য মকরধজ গ্রামে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম লিটন জানান, সোহেল বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হত্যার বিচার দাবি করেছেন।
সোহেলের বোন মাকফেরা বেগম জানান, গত শুক্রবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সোহেল। ভোরে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় রাস্তার ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
সোহেলের বড় ভাই মহিউদ্দিন জানান, সোহেল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দাবি করেন, রাজনীতি করার কারণে সোহেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সোহেলকে কারা হত্যা করেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোহেল হত্যা মামলার আসামি ছিলেন।