লক্ষ্মীপুরে বিএমএ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও বিএমএর জেলা সভাপতি আশফাকুর রহমানের বিরুদ্ধে গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেছেন ফারহানা আক্তার নামের এক তরুণী।

গত শুক্রবার রাতে ফারহানা লক্ষ্মীপুর শহরের শাঁখারীপাড়া এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তিনি সেভ দ্য চিলড্রেনের মা-মণি প্রকল্পের কর্মী হিসেবে লক্ষ্মীপুরে কাজ করতেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদালত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মোশারেফ হোসেনকে তদন্ত করে পরবর্তী ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীর অভিযোগ, সেভ দ্য চিলড্রেনের কর্মী হিসেবে লক্ষ্মীপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে কাজ করার সময় কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে তাঁকে বিয়ে করেন আশফাকুর রহমান। বিয়ের পরে কাবিননামা চাইলে আশফাকুর রহমান তাঁকে হত্যার হুমকি দেন।

বাদীর অভিযোগ, শুক্রবার রাতে এক সহকর্মীর বাসার দিকে যাওয়ার সময় শাখাঁরীপাড়ার ছোটপুল এলাকায় তাঁকে কুপিয়ে জখম করেন আশফাকুর রহমানসহ অজ্ঞাতনামা দুই-তিন ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোববার দুপুরে মামলা করতে গেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ছয় ঘণ্টা থানায় বসিয়ে রাখেন। সন্ধ্যায় মামলার এজাহার পরিবর্তন করে জোর করে তাঁর কাছ থেকে স্বাক্ষর নিয়ে ছিনতাইয়ের মামলা নেন ওসি আবদুল্যাহ আল মামুন ভূঁইয়া।

এদিকে আশফাকুর রহমানের লোকজনের চাপে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক রোববার দুপুরে তাঁকে ছাড়পত্র দিয়ে দেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ফারহানা।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, ‘জেলা প্রশাসক ও সদর উপজেলার
নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে যে আহত নারীর পেটে ইনফেকশন হয়নি। তাই তিনি বাড়ি যেতে পারেন। সাত দিন পর এসে সেলাই কাটলে চলবে। এ জন্য তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কারও চাপে ছাড়পত্র দেওয়া হয়নি।’

অভিযোগ প্রসঙ্গে সদর থানার ওসি আবদুল্যাহ আল মামুন ভূইয়া বলেন, ফারহানা থানায় এসে ছিনতাইয়ের মামলা করেছেন। তাঁকে থানায় ছয় ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ হাস্যকর। তিনি যেভাবে অভিযোগ দিয়েছেন, ঠিক সেভাবে মামলা করা হয়েছে।

এদিকে মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগ সম্পর্কে গতকাল আশফাকুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে গত শনিবার ফারহানার সব অভিযোগ অস্বীকার করে আশফাকুর রহমান বলেন, ‘ওই মহিলা নিজের শরীর কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন। আর বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা।’