লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার দাবিতে লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীকে মারধর ও তাঁর দোকান ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। হামলার শিকার ব্যবসায়ীর নাম শাহনেওয়াজ হোসেন।
হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। হাজিরহাট বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তাঁরা হামলার জন্য শাকচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও তাঁর সহযোগীদের দায়ী করেন।
বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, বেলাল হোসেন ও তাঁর সহযোগীরা হাজিরহাট বাজারের ডিপার্টমেন্টাল স্টোরের মালিক শাহনেওয়াজ হোসেনের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে বেলাল ও তাঁর লোকজন বাজারে এসে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ী শাহনেওয়াজ চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। পরে তাঁরা দোকানে ভাঙচুর করে টাকাপয়সা ও মালামাল লুট করে নিয়ে যান। বাজারের অন্য ব্যবসায়ীরা শাহনেওয়াজকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাজিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, বেলাল শাহনেওয়াজের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করাতেই হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে মুঠোফোনে বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংগঠনের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। আগে থেকেই দুজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বুধবার বসা হবে।’
এ বিষয়ে শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাটি সমাধানের জন্য বুধবার হাজিরহাট বাজারে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।’
ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া।