লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যদের বিরুদ্ধে উল্টো মামলাও করা হয়েছে। সন্ত্রাসীদের হুমকিতে পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
হামলার শিকার মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর শহরে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, গত ৫ মে বিকেলে তাঁর বাড়ি উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে সম্পত্তির বিরোধের জের ধরে সন্ত্রাসীরা হামলা চালায়। বাধা দিতে গেলে তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে ফাতেমা আক্তারকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় আবুল হাশেমসহ ১০ জনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
ওই মুক্তিযোদ্ধা জানান, অভিযোগ পাওয়ার পর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি জানান, গত ১৪ মে আদালতে তাঁর স্ত্রী, মেয়ে, ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন আবুল হাশেম। মামলার পর পুলিশ তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। তাঁর দাবি, হয়রানি করতেই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাঁর পরিবারকে।
অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি জমিসংক্রান্ত হওয়ার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। স্থানীয়ভাবে সমাধান না হলে মুক্তিযোদ্ধার অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।