লক্ষ্মীপুরে মেয়রের উপস্থিতিতে ডিবির এসআইকে মারধর
মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা আনোয়ার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা আনোয়ার জানিয়েছেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের উপস্থিতিতে পৌর যুবলীগের সাবেক সভাপতি আমীর হোসেনসহ চার-পাঁচজন তাঁকে মারধর করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হরতালে আইনশৃঙ্খলা রক্ষা এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার রাতে ডিবির কমকর্তারা জেলা শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। রাত আনুমানিক পৌনে নয়টার দিকে পুলিশ খবর পায়, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মিন্টু চকবাজার এলাকায় অবস্থান করছে। এরপর ডিবি পুলিশ চকবাজারের বিভিন্ন স্থানে ওত পেতে থাকে। এসআই মোস্তফা আনোয়ার চকবাজারের পৌর হকার্স মার্কেটের সামনের রাস্তায় মোটরসাইকেলসহ অবস্থান করছিলেন। একপর্যায়ে একটি মিনি ট্রাক সেখানে পৌঁছে যানটির চালক মোটরসাইকেলটি সরাতে বলেন। মোটরসাইকেলটি সরাতে মোস্তফার কিছুটা দেরি হয়। এরই মধ্যে ঘটনাস্থলসংলগ্ন চকবাজার জামে মসজিদের খালি জায়গায় মাটি ভরাটকাজ তদারকিতে উপস্থিত থাকা পৌর মেয়রসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে যুবলীগ নেতা আমীর হোসেনসহ চার-পাঁচজন ধাক্কা মেরে মোটরসাইকেলসহ মোস্তফা আনোয়ারকে রাস্তার ওপর ফেলে দেন। ডিবির লোক পরিচয় দেওয়ার পরও তাঁরা কিল-ঘুষি মেরে মোস্তফাকে আহত করেন। বেতারযন্ত্রের মাধ্যমে মোস্তফা অভিযানে থাকা দলের অন্য কর্মকর্তাদের ঘটনাটি জানালে তাঁরা সেখানে উপস্থিত হন। এ সময় হামলাকারীরা পালিয়ে যান। পরে মোস্তফাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, চকবাজার জামে মসজিদের সভাপতি পৌর মেয়র আবু তাহের মসজিদের পাশে বিপণিবিতান নির্মাণের জন্য কাজ করছেন।
মোস্তফা আনোয়ার অভিযোগ করে বলেন, “আমীর হোসেনসহ চার-পাঁচজন এগিয়ে এসে ‘মেয়রকে দেখিস না’ বেটা বলে শাসিয়ে আমাকে কিল-ঘুষি মেরে রাস্তার ওপর ফেলে দেয়। এ সময় পেছন দিক থেকে মেয়র আবু তাহের এগিয়ে এসে তাদের সঙ্গে আমাকে ধাক্কা দিতে দিতে অনেক দূর নিয়ে যান। এ ঘটনায় আমি বাদী হয়ে আমীর হোসেন ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছি।’’
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাবেক পৌর যুবলীগ নেতা আমীর হোসেন দাবি করেন, ‘এ বিষয়ে আমি কোনো কিছুই জানি না। ঘটনার পরে আমি এসেছি।’
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।