লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জের ধরে গত রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামে এমরান হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এক সন্তানের জনক এমরান হোসেনের বাড়ি উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এক খণ্ড জমি নিয়ে শেখপুর গ্রামের আকবর হোসেনের সঙ্গে একই গ্রামের বাবলু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত রোববার সন্ধ্যায় এমরান শ্বশুর আকবর হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। জমি নিয়ে বিরোধের জের ধরে রাত সাড়ে ১১টার দিকে বাবলুর নেতৃত্বে ৮-১০ জন দুর্বৃত্ত এমরানকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর শ্বশুরবাড়ির পাশের মাঠে এমরানকে পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে এমরানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত দুইটার দিকে চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগেও বাবলু ও তাঁর লোকজন এমরানকে মারধর করেছে।
নিহতের ভাই সাইফুল ইসলাম বলেন, বাবলু, রাসেল, সবুজ, মামুন, রাজুসহ ৮-১০ জন সন্ত্রাসী তাঁর ভাইকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে বাবলুর বক্তব্য জানা যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।