লক্ষ্মীপুরে যুবককে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় আরিফুর রহমান (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার মিরিকপুর বাজার থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরিফুরের বাবার নাম নুরুল আমিন। আরিফুর বাংগাখাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নুরুল আমিনের ভাষ্য, রাতে কে বা কারা আরিফুরের মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোররাতে মিরিকপুর বাজারের বাবুল মিয়ার স মিলের ভেতরে আরিফের লাশ পাওয়া যায়। আরিফুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি নুরুল আমিনের। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটওয়ারীর ভাষ্য, আরিফকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, আরিফুর রহমান ফরাদকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।