লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের যুবদল নেতা মো. সবুজকে (২৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে।

নিহত সবুজ একই ইউনিয়নের হাজি আবু তাহেরের ছেলে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের¯জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ চিলাদী গ্রামের আব্দুর জাহের ও শরিয়ত উল্লাহর মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে রাতে আব্দুর জাহেরের লোকজন প্রতিপক্ষের ওপর হামলার প্রস্ত্ততি নেয়। দক্ষিণ সরদার বাড়ির সবুজ মুঠোফোনে খবরটি শরিয়ত উল্লাহর লোকজনকে জানিয়ে দেন। আব্দুর জাহেরের লোকজন বিষয়টি জানতে পেরে রাত নয়টার দিকে সবুজের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁরা কুপিয়ে এবং গলা কেটে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি মেম্বার মো. মুসলিম জানান, পেটে কুপিয়ে ও গলা কেটে মো. সবুজকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

খবর পেয়ে ওই রাতে দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।

নিহতের বাবা হাজি আবু তাহের জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে তাঁর ছেলেকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তিনি তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেন।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সবুজকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।