লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুলকে (২৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার ভোররাতে একই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দোলাইখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু ওই ইউনিয়নের রাধাপুর গ্রামের আজগর আলীর ছেলে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাইন উদ্দিনকে নিজ বাড়ি থেকে তিনজন অজ্ঞাত লোক ডেকে নেয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সকালে নেয়ামতপুর গ্রামের দোলাইখাল এলাকার একটি খালে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংগাখাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রায়হান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, মাইন উদ্দিন বাবলু বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনীতি করার কারণে তাঁকে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, সন্ত্রাসীরা বাবলুকে গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। কারা তাঁকে গুলি করে হত্যা করেছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। লাশের গায়ে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।