লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল আহমেদের (২৮) বাড়ি বালাইশপুর গ্রামে।
হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করা হয়েছে। নিহত ফয়সাল আহমেদ বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে। বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি বলেন, নিহত ফয়সাল ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তবে চন্দ্রগঞ্জ থানা-পুলিশের দাবি, ফয়সাল মাদক ব্যবসায়ী, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।
পুলিশ জানায়, ফয়সাল আহমদ শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পোদ্দার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বালাইশপুর গ্রামের চৌকিদার বাড়ির সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।