লক্ষ্মীপুরে যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে মো. বাবর হোসেন (২৬) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবর হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে দাবি করেছেন দিঘলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তাজুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আনছার আলী সর্দার বাড়িতে সন্ত্রাসীরা বাবর হোসেনকে গুলি করে। কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নয় মাস আগেও এই গ্রামে যুবলীগের আরেক নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান মো. শাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দল বা মাদক ব্যবসা নিয়ে বিরোধের কারণে বাবরকে খুন করা হতে পারে।
কমলনগরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম: রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাট এলাকায় গত শুক্রবার রাতে মো. আলাউদ্দিন নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, আলাউদ্দিন চর কালকিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মতিরহাট মাছঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।