লক্ষ্মীপুরে শিক্ষককে মারধরের প্রতিবাদে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি ভূঁইয়ার হাট ফাজিল মাদ্রাসার শিক্ষককে মারধরের প্রতিবাদে গতকাল শনিবার ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কাউট ভবন নির্মাণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা নির্ধারণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ছিল চাঁদা আদায়ের শেষ দিন। ওই দিন এক ছাত্রী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। পরে শিক্ষক তাকে ডাস্টার দিয়ে আঘাত করেন। এর জের ধরে ওই দিনই ছাত্রীর বাবা, চাচা শিক্ষককে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে মারধর করেন।
মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম মোসলেহ উদ্দিন বলেন, শিক্ষককে মারধর করার ঘটনা দুঃখজনক। মাদ্রাসা পরিচালনা কমিটি শিক্ষকদের বিষয়টি সুরাহার চেষ্টা করছে। এ বিষয়ে দাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই গণেশ চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভের খবর তিনি শুনেছেন। সবার সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।