লক্ষ্মীপুরে শিক্ষকদের ওপর হামলা, গ্রেপ্তার ১
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচজন শিক্ষকের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আহত শিক্ষক সুব্রত সাহা বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনকে আসামি করে এ মামলা করেন।
এদিকে শিক্ষকের ওপর হামলার ঘটনায় গতকাল সকাল থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে জুয়েল মিয়া ও নাজমুল ইসলাম তারেকের নেতৃত্বে বহিরাগত কয়েকজন যুবক নকল সরবরাহের জন্য প্রবেশ করে। এ সময় পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষক কম্পিউটার বিভাগের প্রধান সুব্রত সাহা তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। পরীক্ষা শেষে সুব্রত সাহা, নোয়াব আলী সোহেল, মো. নাসির উদ্দিন, আবুল বশর ও তাপস চন্দ্র সাহা ক্যাম্পাস থেকে বের হয়ে অটোরিকশায় করে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় জুয়েল মিয়া ও নাজমুল ইসলাম তারেকের নেতৃত্বে ১০-১২ জন তাঁদের পথরোধ এবং মারধর ও লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় সোমবার রাতে শিক্ষক সুব্রত সাহা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কলেজের একটি সূত্রে জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত রয়েছে। তবে ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীরা জড়িত নন বলে দাবি করেন।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি রাফিকে গতকাল দুপুরে লক্ষ্মীপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।