লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী এবং কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে কমলনগরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে সদর উপজেলার একটি গ্রামে সাকিব হোসেন নামের এক ব্যক্তি সাইকেলে ঘোরানোর কথা বলে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যান। এরপর সাকিব ওই ছাত্রীকে মাদ্রাসার ছাদে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে এবং সদর থানায় খবর দেয়। পুলিশ এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এলাকাবাসী সাকিবকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ওই ছাত্রীর বাবা গতকাল শনিবার সকালে সাকিবকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন সাইফুল ইসলাম শাহীন (১৮) নামের এক ব্যক্তি। সে সময় ধর্ষণের চিত্র মুঠোফোনে ধারণ করা হয়। পরে সাইফুল ও তাঁর বন্ধু আতোয়ার রহমান শাকিল (১৮) ও প্রিতম (১৮) ওই ছাত্রীকে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। পরে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার দিবাগত রাতে শহরের উত্তর তেমুহনীতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এই ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই গতকাল বিকেলে গ্রেপ্তার তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে কমলনগর উপজেলার একটি বাজার থেকে রিকশাযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন এক গৃহবধূ। এ সময় রিকশাচালক আবুল কালাম ওই গৃহবধূকে খালপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং আবুল কালামকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
কমলনগর থানার ওসি কবির আহমদ জানান, এ ঘটনায় ওই গৃহবধূ গতকাল থানায় মামলা করেছেন।