লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিবিনিময়ে একজন নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী জসিম উদ্দিন ও হানিফ মমা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে হানিফ নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে সন্ত্রাসী বেলজিয়াম সুমনসহ দুজন।
গত মঙ্গলবার রাতে উত্তর জয়পুর ইউনিয়নের গণেশশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও গ্রামের সেলামত উল্যার ছেলে বলে জানায় পুলিশ।
পুলিশের ভাষ্য, আধিপত্য বিস্তার ও টাকার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে ওই দুই বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এ সময় হানিফ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গুলিবিদ্ধ হয় অপর দুই সন্ত্রাসী। তারা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছে। হানিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, হানিফের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে একাধিক মামলা রয়েছে।