লক্ষ্মীপুরে সন্ত্রাসীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরবনগর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে মো. রতন (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রতনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। এলাকায় তিনি নাছির বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধানখেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। রতনের মা রহিমা বেগম লাশটি শনাক্ত করেন।
পুলিশ জানায়, রতন স্থানীয় নাছির বাহিনীর সদস্য ছিলেন। ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে রতন খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে।
রহিমা বেগম জানান, ১১ দিন আগে কে বা কারা রতনকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, রতন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা আছে। তিনি জানান, রতনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।