প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর বাজারে গতকাল বুধবার ভোরে সোনার দোকানে ডাকাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। ডাকাতেরা দোকান থেকে প্রায় ১০ ভরি সোনার গয়নাসহ ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল চন্দ্র জানান, ভোররাতে ১৫-২০ জনের অস্ত্রধারী একদল ডাকাত বশিকপুর বাজারে মেসার্স মা স্বর্ণ শিল্পালয় নামে তাঁর দোকানটিতে হানা দেয়। ডাকাতেরা নগদ অর্থসহ ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।
দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, ডাকাতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।