লক্ষ্মীপুরে স্কাউট ক্যাম্পে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সরকারি কলেজের রোভার স্কাউটদের প্রশিক্ষণ ক্যাম্পে গতকাল শনিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন স্কাউট আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন বলেন, জেলার ১০টি কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী চার দিনের এ ক্যাম্পে অংশ নিচ্ছে। গতকাল ছিল ক্যাম্পের শেষ দিন। বেলা ১১টার দিকে কলেজের দুই ছাত্র ক্যাম্পে এসে মেয়ে স্কাউটদের উত্ত্যক্ত করার চেষ্টা করলে অন্যরা বাধা দেয়। এরপর বেলা একটার দিকে ১৫-২০ জন যুবক ক্যাম্পে এসে স্কাউটদের ওপর হামলা চালান।
অভিযোগ উঠেছে, মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা ও হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত। তবে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসান জানি বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়।
সদর থানার ওসি আবদুল্যাহ আল মামুন ভূঁইয়া বলেন, হামলার খবর শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।