লক্ষ্মীপুরে স্কুল বন্ধ করে কৃষক লীগের সম্মেলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে জেলা কৃষক লীগের সম্মেলন উপলক্ষে টানানো শামিয়ানা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
লক্ষ্মীপুরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে জেলা কৃষক লীগের সম্মেলন উপলক্ষে টানানো শামিয়ানা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

লক্ষ্মীপুর শহরের দুটি বিদ্যালয় বন্ধ করে গতকাল সোমবার জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এক দিন আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেন সোমবার ক্লাস হবে না। আরেকটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস করতে আসার পর সম্মেলনের কারণে ছুটি ঘোষণা করেন শিক্ষকেরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শহরের এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন (উচ্চবিদ্যালয়) মাঠে জেলা কৃষক লীগের সম্মেলন হয়েছে। দুটি বিদ্যালয় পাশাপাশি, খেলার মাঠ একটি। সম্মেলনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। এর আগে সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে অসংখ্য নেতা-কর্মী মাঠে সমবেত হন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম বা শহরের অন্য কোনো মিলনায়তনে সম্মেলন হলে স্কুল বন্ধ রাখার প্রয়োজন হতো না। শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতো না। তাঁরা বলেন, দুটি বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সভা-সমাবেশের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়।

এ বিষয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, তিনটি ক্লাস হওয়ার পর সম্মেলনের কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে। মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ের সভাপতির নির্দেশে তিনি ছুটি দিয়েছেন বলে জানান।

তবে কয়েকজন অভিভাবক বলেন, প্রধান শিক্ষক তিনটি ক্লাস হয়েছে বললেও আসলে হয়নি।

এন আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা সুলতানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্মেলনের কারণে বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে সোমবার বিদ্যালয় সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন বলেন, স্কুলের প্রধান শিক্ষক সংরক্ষিত ছুটি চেয়েছেন। ছুটির অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল রাতে লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার মুঠোফোনে বলেন, অন্য জায়গায় সম্মেলন হলে ভালো হতো। এখানে হওয়ায় শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়েছে।

সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির ‘ভিশন ২০৩০’ ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ও মিথ্যাচার। বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গি তৈরি করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। দেশে খাদ্যঘাটতি ছিল।

সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা। জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হিজবুল বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী প্রমুখ।

কমিটি গঠন

সম্মলেন পর বিকেলে লক্ষ্মীপুর সার্কিট হাউসে আলোচনার ভিত্তিতে জেলা কৃষক লীগের চার সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ওমর হোসাইনকে সভাপতি, হিজবুল বাহারকে সাধারণ সম্পাদক, ওমর আল ফারুককে সহসভাপতি ও মাহবুবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।