লক্ষ্মীপুরে স্কুলে গিয়ে ছাত্রীকে মারধর!
লক্ষ্মীপুর শহরের এন আহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক ছাত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিহা আফরিনের মা ফরিদা ইয়াছমিন বলেন, গতকাল তাঁর মেয়ে সাবিহা সমাজ বিষয়ে মডেল টেস্ট দিতে স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা চালাকালে ৩-৪ জন সন্ত্রাসী পরীক্ষার হলে গিয়ে তাঁর মেয়েকে পিটিয়ে আহত করে।
ফরিদা ইয়াছমিন বলেন, হামলার সময় শিক্ষকেরা এগিয়ে
এলে সন্ত্রাসীরা চলে যায়। পরে শিক্ষকেরা ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ফরিদা ইয়াছমিন বলেন, মঙ্গলবার দুপুরে স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর মেয়ের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই ছাত্রীর স্বজনেরা তাঁর মেয়ের ওপর হামলা চালায়।
স্কুলের প্রধান শিক্ষিকা আবিদা নাজমিন জানান, ছাত্রীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনাটি জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে জানানো হয়েছে। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনোয়ার হোসেন জানান, ওই ছাত্রীর মাথায় ও
হাতে জখম ছিল। তিনি বলেন, চিকিৎসার পর বিকেলে সে বাসায় চলে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্ল্যাহ আল মামুন ভূঁইয়া বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।