লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আজ শনিবার ভোরে সাজু বেগম (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ দুপুরে তাঁর স্বামী আকতার হোসেনকে আটক করা হয়েছে। 

কমলনগর থানার পুলিশ জানায়, সাজু স্বামীর সঙ্গে কমলনগর উপজেলার ভক্তেরপাড়া গ্রামে থাকতেন। খবর পেয়ে আজ সকালে ঘর থেকে সাজুর লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। পরে সাজুর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ পাওয়ার পর স্বামী আকতারকে আটক করা হয়।
সাজুর বাবা শাহ আলম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দেড় বছর আগে আকতারের সঙ্গে সাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সাজুকে মারধর করতেন আকতার। এ নিয়ে শুক্রবারও তাঁদের মধ্যে ঝগড়া হয়। আজ শনিবার ভোর চারটার দিকে সাজুকে মারধর করে আকতার।
শাহ আলমের অভিযোগ, মারধর ও শ্বাসরোধে সাজুকে হত্যা করে আকতার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আকতারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরিবার হত্যা মামলা করতে চাইলে তা নেওয়া হবে।