লক্ষ্মীপুরে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রলীগের একটি পক্ষ। সংগঠনটির নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গতকাল রোববার এই হরতালের ঘোষণা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। চৌধুরী মাহামুদুন নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রলীগের পদবঞ্চিত একটি অংশ। সেই অংশের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেলা একটার দিকে সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
মিছিলটি নিয়ে নেতা-কর্মীরা কলেজে গিয়ে প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে শহরের ঝুমুর এলাকায় গিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ কাগজপত্র পুড়ে যায়।
এদিকে, নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে দুপুরে আনন্দ মিছিল করেছেন নবঘোষিত কমিটির সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের পক্ষের নেতা-কর্মীরা।