লক্ষ্মীপুরে ৮ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীহাট এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে ৮ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কোস্টগার্ড সদস্যদের অভিযুক্ত করেছেন লক্ষ্মীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারা। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ অভিযোগ আনেন। তবে কোস্টগার্ড ব্যবসায়ীদের আনা অভিযোগ অস্বীকার করেছে।

লক্ষ্মীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিকেলে কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাট থেকে গাড়িতে করে ইলিশ, আইড়, পাঙাশ, পোয়া ও চিংড়ি মাছ নিয়ে লক্ষ্মীপুর শহরে আসছিলেন আটজন ব্যবসায়ী। মজুচৌধুরীহাট বাজারের কাছে আসার পর তাঁদের গতিরোধ করেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ব্যবসায়ীদের মারধর করে কোস্টগার্ড সদস্যরা মাছ নিয়ে যান বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়। এতে ব্যবসায়ীদের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মনির হোসেন, সদস্য মো. সেলিম প্রমুখ।

অভিযোগের বিষয়ে কোস্টগার্ডের মজুচৌধুরীহাট কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক চৌধুরী বলেন, মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেদিন নয় বস্তা জাটকা আটক করা হয়। পরে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ নুরুজ্জামানের নির্দেশে তা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাসেম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল উপস্থিত ছিলেন।