লক্ষ্মীপুরে 'ডাকাতদের বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চরশাহীর ইউনিয়নে খাগুড়িয়ার বেড়িরমাথা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম জাবেদ মিন্টু (৩৫)। তিনি চরশাহী ইউনিয়নে ইটখোলা গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য, জাবেদ মিন্টুর বিরুদ্ধে চারটি ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, ভোরে বেড়িরমাথা এলাকার একটি বাগানে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদ মিন্টুকে উদ্ধার করে। তাঁর পিঠে গুলির চিহ্ন ছিল। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


ওসি আরও দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি এলজি, আটটি গুলি, ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে অন্য ডাকাতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চরশাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, জাবেদ মিন্টুর নেতৃত্বেই সব ডাকাতির ঘটনা ঘটে। এলাকায় ডাকাত সর্দার হিসেবে পরিচিত তিনি।