লক্ষ্মীপুরে 'ডাকাতের গুলিতে' আ.লীগের নেতা নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামে গত শনিবার দিবাগত রাতে ‘ডাকাতের গুলিতে’ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
নিহত সাফিউল্যার (৬৫) বাড়ি আঁধারমানিক গ্রামে। তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এই সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সাফিউল্যার বড় ছেলে মো. আলাউদ্দিন বলেন, শনিবার দিবাগত রাত একটার দিকে ২৫-৩০ জনের মুখোশ পরা ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় তাঁর বাবা বাধা দেন। এ সময় ডাকাতেরা তাঁর বাবাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে তিনি বাবার ঘরে গিয়ে দেখেন তাঁর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে।
সাফিউল্যার স্ত্রী আলেয়া বেগম বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ আছে কি না, তার তাঁর জানা নেই।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সাফিউল্যা এলাকায় প্রভাবশালী ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান চৌধুরী জানান, সাফিউল্যা আগের ইউনিয়ন কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। আর বর্তমান ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।
তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন জানান, সাফিউল্যা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি জানান, পুলিশ গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নিহত সাফিউল্যার বুকে ৫টি গুলি ও মাথায় দায়ের আঘাতের ২টি চিহ্ন আছে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে ফজলুল হক জানান, এই ঘটনায় হত্যা ও ডাকাতির অভিযোগে থানায় মামলা হয়েছে।