লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' আসামি গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবলও আহত হয়েছেন। গুলিবিদ্ধ দ্বীন মোহাম্মদ ওরফে জিহাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শনিবার ভোরে সদর উপজেলার বালাইশপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনা ঘটে। জিহাদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার জয়পুর ইউনিয়নের রাজা রাম ঘোষ গ্রামে।
আহত তিন কনস্টেবল সত্যরঞ্জন চাকমা, মিরনকান্তি চাকমা ও নুর বক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর-চাটখিল সীমান্ত এলাকা থেকে চাটখিল থানার পুলিশ জিহাদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, জিহাদ নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী চালান।
জিহাদের স্ত্রী তাছলিমা আক্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়ি আসার পথে তাঁর স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গতকাল ভোরে জিহাদকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। বালাইশপুর এলাকায় পৌঁছালে জিহাদের বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৩০-৪০টি গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা ১১টি গুলি করে। গুলি বিনিময়ের সময় জিহাদ গুলিবিদ্ধ হয়ে আহত হন। সন্ত্রাসীদের ছররা গুলিতে পুলিশের তিন সদস্য আহত হন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, জিহাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।