লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
*৬ জানুয়ারি থেকে অবরোধ, হরতাল, সহিংসতা ও ক্রসফায়ারসহ মোট মৃত্যুর সংখ্যা
*৬ জানুয়ারি থেকে অবরোধ, হরতাল, সহিংসতা ও ক্রসফায়ারসহ মোট মৃত্যুর সংখ্যা

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে ২ মার্চ লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ আহত একজন গতকাল বুধবার ঢাকার পঙ্গু হাসপাতালে মারা গেছেন। তাঁকে যুবদলের কর্মী বলে দাবি করা হয়েছে। রাজধানীতে পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। পল্লবীতে আগুন দেওয়া হয়েছে বাসে।
রাজশাহীতে গতকাল পৃথক ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের একজন কর্মী আহত হয়েছেন। দিনাজপুর, ফেনী ও লক্ষ্মীপুরে অন্তত ২০টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত মঙ্গলবার নরসিংদীতে ট্রাকে পেট্রলবোমায় দুজন দগ্ধ হয়েছেন।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬৫তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় গতকাল পর্যন্ত নিহত হলেন ১২১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২০টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৫৪টি।
লক্ষ্মীপুরে আহত যুবকের মৃত্যু: লক্ষ্মীপুরের কমলনগরে ২ মার্চ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আরিফ হোসেন (২২) গতকাল ভোরের দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে মারা যান। তাঁকে যুবদলের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন কমলনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ। তবে আরিফের ভাই মো. খোকন জানান, আরিফসহ তাঁদের পরিবারের কেউই রাজনীতির সঙ্গে জড়িত নন।
আরিফের বাড়ি কমলনগরের চর জাঙ্গালিয়া এলাকায়। ভাই খোকন জানান, ২ মার্চ দুপুরের দিকে কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কে বা কারা যানবাহনে আগুন দেয়। ওই ঘটনার পর বেলা দুইটার দিকে পুলিশ তাঁর ভাই আরিফকে আটক করে। একই সময় পুকুরে গোসল করার সময় তাঁর খালুর ভাই প্রবাসী মাইন উদ্দিনকেও আটক করা হয়। ওই রাতে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ ও মাইন উদ্দিন পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। অবস্থার অবনতি হওয়ায় আরিফকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, আরিফ ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকার চিত্র: রাজধানীতে পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। রাত পৌনে আটটায় ইডেন কলেজের সামনে ককটেল বিস্ফোরণে কর্তব্যরত পুলিশ কনস্টেবল আবদুল মান্নান (৪০) ও জাকির হোসেন (৪৫) আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাঁদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া রাত সোয়া আটটার দিকে কদমতলী শিল্পাঞ্চল এলাকায় মোটরসাইকেল থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। এতে পোশাকশ্রমিক জাহিদ হোসেন (২৫) আহত হন।
সন্ধ্যায় মুগদার মান্ডা এলাকায় ভাঙারি দোকানে কাগজপত্র নাড়াচাড়া করার সময় বিস্ফোরণে দোকানি মো. বাবুর (২২) দুই হাত ঝলসে যায়। বাবুর দাবি, পুরাতন লোহালক্কড় নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। তবে ককটেলের সঙ্গে কোনো সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন।
রাত সোয়া ১০টার দিকে পল্লবী সিটি ক্লাব স্টেডিয়ামের সামনের সড়কে থেমে থাকা শিখর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
‘বন্দুকযুদ্ধে’ শিবিরের কর্মী আহত: রাজশাহীতে গতকাল ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ শিবিরের কর্মী সবুজ আলীকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবুজের বাড়ি নগরের মির্জাপুর এলাকায়। তিনি নগরের বিনোদপুর ইসলামিয়া কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র।
গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: দিনাজপুরে গতকাল পৃথক ঘটনায় একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল ও চারটি ইজিবাইক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনামুখীতে একটি মালবোঝাই ট্রাক ও একটি ওষুধের কাভার্ড ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। ট্রাকচালক আবুল খায়ের (৩৫) ও কাভার্ড ভ্যানচালক অনিমেষ সাহা (৪০) আহত হন।
এ ছাড়া দুপুর ১২টার দিকে একই সড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে দুটি মোটরসাইকেল ও আমতলীতে চারটি ইজিবাইক ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী-দত্তপাড়া সড়কের আলাদাদপুর এলাকায় গতকাল ভোরে একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। গতকাল সকালে জকসিন-পোদ্ধার বাজার সড়কের বালাইশপুর এলাকায় মালবাহী একটিসহ দুটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা।
পেট্রলবোমায় দগ্ধ ২: নরসিংদীতে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় একটি মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় চালক সোহরাব মিয়া ও সহকারী আল ইমরান দগ্ধ হন। এ ঘটনায় গতকাল জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এদিকে জেলার রায়পুরা উপজেলার বুটিয়ারা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে নয়টি পেট্রলবোমাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধি]