লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে ‘ডাকাত’ বলছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুরে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম আলমগীর (৩০)। তাঁর বাড়ি একই এলাকায়। বাবার নাম লেদা মিয়া।

ঘটনার বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।

পুলিশের ভাষ্য, দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারিবাগানে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহত আলমগীর পুলিশের তালিকাভুক্ত ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে।