লক্ষ্মীপুরে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, আজ বুধবার ভোরে চরপাতা ইউনিয়নের সিংহেরপুলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজিগান, তিনটি গুলি ও ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত সোহেল একই উপজেলার দেনায়েতপুর গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে করা ২২টি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, ঘটনার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন ও গোলাম মোস্তফা আহত হন। তাঁদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের দাবি, গতকাল মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি পলাতক ছিলেন। আজ ভোরে রায়পুরের চরপাতা ইউনিয়নের সিংহেরপুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে তাঁকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সহযোগীদের গুলিতে আহত হন। পরে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত সোহেলের শ্বশুর মো. শাহজাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বন্দুকযুদ্ধে’র অভিযোগ সঠিক নয়। তাঁকে ধরে নিয়ে হত্যা করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, নিহত সোহেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে রায়পুর থানায় মাদক, ডাকাতি, ছিনতাইসহ ২২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।