লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামে গত রোববার দিবাগত রাতে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগের এক কর্মী আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ থানা-পুলিশের ভাষ্যমতে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মটবীতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েকটি গুলি চালায়। এ সময় ডাকাত কবির হোসেন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবল সামান্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, কবির হোসেন যুবলীগের কর্মী। তবে মান্দারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমানের দাবি, কবির যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ কবিরকে পুলিশ পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সদর থানা ও চন্দ্রগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।